বাউল শিল্পীদের ওপর হামলার নিন্দা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের
বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাটিকে তিনি ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের সহিংসতা কোনো সভ্য সমাজে কাম্য নয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাউল শিল্পীরা এ দেশের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। গ্রামবাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে তারা আজও বহন করে চলেছেন। তাদের ওপর হামলাকে তিনি নিন্দনীয় ও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, কাউকে উগ্র আখ্যা দিয়ে হিংসার দিকে ধাবিত হওয়া কোনো সমাধান নয়।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল কড়াইল বস্তির অগ্নিকাণ্ড প্রসঙ্গে বলেন, সেখানে তার বাসার একজন কর্মীর ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তিনি এ ঘটনাকে দরিদ্র মানুষের জন্য চরম দুর্ভোগ বলে উল্লেখ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা জজ আদালত চত্বরে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে একটি কর্মসূচির সময় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ‘সম্প্রীতির ঐক্য–ঠাকুরগাঁও’ ব্যানারে বাউল শিল্পীদের একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশের প্রস্তুতির মধ্যেই সেখানে একটি দল এসে হামলা চালায়। হামলার পর তারা মিছিল করে আদালত চত্বর প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর স্লোগান দেয়। এতে কয়েকজন বাউল শিল্পী আহত হন। তবে এ বিষয়ে বাউল শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগেও মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর একাধিক হামলার ঘটনায় সংস্কৃতিপ্রেমী মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
অনুরূপ সংবাদ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে