গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৩৫৭৯ শিক্ষার্থীর অংশগ্রহণ
গাজীপুর মহানগরীর সর্ববৃহৎ মেধা বিকাশ কেন্দ্রিক আয়োজন "দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, গাজীপুর"-এর উদ্যোগে অতীতের ধারাবাহিকতায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বৃত্তি পরীক্ষা-২০২৬’।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮:৩০ মিনিটে গাজীপুর মহানগরীর নির্ধারিত ৫টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধা যাচাই পরীক্ষা শুরু হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় গাজীপুর মহানগরীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩,৫৭৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী, সাথে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণগুলো যেন মিলনমেলায় রূপ নেয়।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে পুরো মহানগরীকে ৫টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছিল। কেন্দ্রগুলো হলো: ১. টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ ২. কামারজুরি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়, গাছা ৩. চান্দনা উচ্চ বিদ্যালয়, গাজীপুর চৌরাস্তা ৪. কাশিমপুর উচ্চ বিদ্যালয়, কাশিমপুর ৫. আল হেরা মডেল একাডেমি, পূবাইল
পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও বিশৃঙ্খলামুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু মোঃ মনিরুজ্জামান খান এবং সাবেক সচিব শেখ মোতাহার হোসেন।
পরিদর্শন শেষে সাবেক সচিবদ্বয় পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ, পরিচ্ছন্ন ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুরের সাবেক পরিচালক আব্দুল জলিল আকন্দ, সাবেক পরিচালক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, বর্তমান পরিচালক ইয়াছিন আরাফাত এবং সদস্য সচিব হায়দার আলীসহ ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ।
পরীক্ষা শেষে উপস্থিত একাধিক অভিভাবক ও শিক্ষক এই ধরনের মেধাভিত্তিক আয়োজনকে সাধুবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ধরণের সুস্থ প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনায় দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং তাদের মেধার সঠিক বিকাশ ও সুপ্ত প্রতিভা উন্মেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুরূপ সংবাদ
ফেসবুকে নারীর পরিচয়ে প্রবাসীর সঙ্গে বিয়ে, পরে জানা গেল ‘স্ত্রী’ একজন তরুণ
মাইকিং করে লোক জড়ো, পুলিশের সামনেই চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ
বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি