আওয়ামী লীগ নেতার পক্ষে প্রত্যয়নপত্র, বিএনপির দুই নেতার পদ স্থগিত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগের কারাবন্দী এক নেতার জামিনে মুক্তির জন্য প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বিএনপির দুই স্থানীয় নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন—বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন। গতকাল রোববার জেলা বিএনপির দলীয় প্যাডে দেওয়া চিঠিতে তাঁদের পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই দুই বিএনপি নেতাসহ বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মান্নানের স্বাক্ষর করা একটি প্রত্যয়নপত্রের বিষয়টি প্রকাশ্যে আসে। এতে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিনকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত এবং দলীয় কর্মকাণ্ডে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। প্রত্যয়নপত্রে আরও দাবি করা হয়, রুহুল আমিন কখনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।
তবে অনুসন্ধানে ২০২৩ সালের ১০ অক্টোবরের বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটিতে রুহুল আমিনকে আইনবিষয়ক সম্পাদক হিসেবে রাখার তথ্য পাওয়া যায়। ওই কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের স্বাক্ষর ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রুহুল আমিন বর্তমানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কারাগারে রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর সাটুরিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ এফ এম নুরতাজ আলম বাহার বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে কারাগার থেকে মুক্ত করতে দেওয়া প্রত্যয়নপত্র বিএনপির দলীয় সিদ্ধান্ত ছিল না; এটি সংশ্লিষ্ট নেতাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুই নেতার পদ স্থগিত থাকবে।
অনুরূপ সংবাদ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদল নেতা প্রত্যয় বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জবি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর
শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু ৩১ অক্টোবর
১৫ ঘন্টা আগে
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
১৭ ঘন্টা আগে