৯ মাস পর লাইভে তানিয়া বৃষ্টি, জানালেন কেমন আছেন
দীর্ঘ নয় মাস পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার ও কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হলে ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। এরপর বাসায় চিকিৎসাধীন থাকার পর গত ৯ মার্চ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করানো হয়।
দীর্ঘ বিরতির পর শনিবার ফেসবুক লাইভে এসে তানিয়া বলেন, তিনি আগের তুলনায় অনেকটা ভালো আছেন। তবে এখনো চিকিৎসা চলছে। অস্ত্রোপচারের কারণে তাঁর ওজন বেড়েছে বলেও জানান তিনি।
ভক্তদের প্রশ্নের জবাবে তানিয়া জানান, তাঁর কেমোথেরাপি এখনো চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস শেষ হয়েছে। চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানান তিনি।
তানিয়া বলেন, তিনি আবার নাটকে অভিনয় করতে চান এবং এ মাস থেকেই কাজ শুরু করার বিষয়ে কথাবার্তা চলছে। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকায় কাজটিকে তিনি খুব মিস করছেন বলেও জানান।
লাইভে তানিয়া আরও জানান, গত নয় মাসে অসংখ্য মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন এবং তাঁর অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন তানিয়া। অবসর সময়ে তাঁর ছয়টি পোষা বিড়ালের সঙ্গে সময় কাটান বলে জানান এই অভিনেত্রী। লাইভের শেষে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।