কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও, ব্যারিকেড ভাঙার চেষ্টা
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভারতের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে যায়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর পাশাপাশি এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
বাংলাদেশ উপহাইকমিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের গতিরোধ করে। পরে বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় উপহাইকমিশন সংলগ্ন এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ ও আয়োজকদের মধ্যে আলোচনা হয়। এরপর বাংলাদেশ উপহাইকমিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার পর বিক্ষোভকারীরা আরও কিছুক্ষণ উপহাইকমিশনের বাইরে অবস্থান করেন। পরে তারা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।
অনুরূপ সংবাদ
গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনেই আলোচনা হবে: ভারত
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতায় বিক্ষোভ
‘বন্দে মাতরম’ না গাওয়া শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না: ভারতের সুপ্রিম কোর্ট