শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা
শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন সেখানে জড়ো হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জোড়া ব্রিজসংলগ্ন একটি ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন চলছিল। সেখানে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই আয়োজনটি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানা এবং সেগুলো কারা ব্যবহার করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলগুলোর মালিকানা ও ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।