বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১০ লাখ ডলার
বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী, তাঁর বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩৬ লাখ ডলারে দাঁড়াবে। অর্থাৎ বেতন বাড়ছে প্রায় ১৪ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার।
১৫ বছর পর বড় পরিবর্তন
প্রায় ১৫ বছর পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক পদধারীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে নতুন বেতন কাঠামোর বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী লরেন্স ওং।
সরকারের যুক্তি, প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর মাধ্যমে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করা এবং ভালো প্রশাসন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে উচ্চ বেতন দুর্নীতির ঝুঁকি কমাতেও সহায়ক বলে মনে করে সিঙ্গাপুর সরকার।
মন্ত্রীদের বেতনও বাড়ছে
নতুন কাঠামোয় সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৮ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার হবে। মন্ত্রীরা দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত পাবেন।
তবে বর্তমান মন্ত্রীরা সরাসরি নতুন বেঞ্চমার্ক বেতন পাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত এককালীন বেতন সমন্বয় করা হবে।
বাড়তি অর্থ দাতব্য কাজে দেবেন ওং
লরেন্স ওং জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে বেতন বৃদ্ধির ফলে যে অতিরিক্ত অর্থ তিনি পাবেন, তা আগামী পাঁচ বছর উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করবেন।
তবে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে সিঙ্গাপুরে বিতর্কও রয়েছে। সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় রাজনৈতিক নেতাদের পারিশ্রমিক অনেক বেশি হওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির মধ্যম মাসিক আয় ৫ হাজার ৭৭৫ সিঙ্গাপুরিয়ান ডলার।
কেন এত বেশি বেতন?
সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে শীর্ষ রাজনৈতিক পদে উচ্চ বেতন দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে আসছে। সরকারের মতে, বড় ব্যবসা ও বেসরকারি খাতের দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে হলে প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্রয়োজন। একই সঙ্গে এটি সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
নতুন বেতন কাঠামো একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর এবার দেশটির রাজনৈতিক নেতৃত্বের পারিশ্রমিকে বড় ধরনের সংশোধন আনা হলো।
সূত্র: রয়টার্স ও এনডিটিভি
অনুরূপ সংবাদ
ইসরায়েলি বসতির পণ্য বর্জনের ঘোষণা যুক্তরাজ্যসহ তিন দেশের, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়তো হবে না, তবে চেষ্টা অব্যাহত থাকবে: খলিলুর রহমান
ইরানের হামলায় বদলে যাচ্ছে ২৫ বছরের হিসাব, মধ্যপ্রাচ্যে সেনা কমাবে যুক্তরাষ্ট্র?