সস্তায় ইলিশের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪
সামাজিক যোগাযোগমাধ্যমে কম দামে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া থেকে চারজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা ও গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি মুঠোফোন, ৪৬টি সিম কার্ড এবং ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুরকান শেখ (২৫), চান মিয়া (২৫), রাতুল হোসেন (২৫) ও শহিদুল শেখ (২৩)। মঙ্গলবার তাঁদের চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুক পেজ খুলে ইলিশ বিক্রির বিজ্ঞাপন
পুলিশ জানায়, চক্রটি ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর মাছওয়ালা’সহ বিভিন্ন আকর্ষণীয় নামে পেজ খুলত। সেখানে চাঁদপুরের ইলিশের সম্পাদিত ছবি ও ভিডিও এবং ভুয়া ক্রেতার পর্যালোচনা ব্যবহার করে কম দামে মাছ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো।
বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কেউ ইলিশের অর্ডার করলে প্রথমে বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা চাওয়া হতো। টাকা পাঠানোর পর ডেলিভারি কোড, ওটিপি কিংবা সার্ভার সমস্যার কথা বলে আরও টাকা দাবি করা হতো। কয়েক দফায় টাকা নেওয়ার পর ক্রেতার মুঠোফোন নম্বর ব্লক করে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।
বিশ্বাস অর্জনে ভুয়া কাগজপত্র
চক্রটি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য অন্যের নামে নিবন্ধিত সিম, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং চাঁদপুরের বিভিন্ন মৎস্যঘাটের নামে তৈরি ভুয়া ট্রেড লাইসেন্স ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তে প্রতারণার এই চক্রের মূল শিকড় নড়াইলে থাকার তথ্য পাওয়া যায়। এরপর সেখানে কয়েক দফায় অভিযান চালানো হয়।
আগেও গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে
সর্বশেষ রোববার কালিয়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই অভিযোগে নড়াইল থেকে পৃথক দুটি অভিযানে ২০ আগস্ট দুজন এবং ২৬ আগস্ট আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পুরো চক্রটি শনাক্ত ও নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৫ হাজার ৯৮০ টাকা হারিয়েছেন এক ভুক্তভোগী
প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের এক সংবাদকর্মীও রয়েছেন। এতিমখানার শিশুদের জন্য অনলাইনে আট কেজি ইলিশ অর্ডার করার পর ওটিপি ও সার্ভার সমস্যার অজুহাতে ধাপে ধাপে তাঁর কাছ থেকে ১৫ হাজার ৯৮০ টাকা নেওয়া হয়।
এ ছাড়া কুমিল্লার এক মুক্তিযোদ্ধার কাছ থেকেও একই ধরনের প্রতারণার মাধ্যমে চার হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অনলাইনে ইলিশ কেনায় সতর্কতার পরামর্শ
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি জমাদার অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, অনলাইনে অচেনা বিক্রেতার কাছ থেকে ইলিশ কিনতে গিয়ে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ইলিশ বিক্রেতাদের নিবন্ধনের উদ্যোগ নেওয়া হলেও প্রতারণার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।