বাংলাদেশে ঠেলে পাঠানো নারীকে ফেরাতে উদ্যোগ, স্বামীকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ
ভারতের আসামে এক নারীকে যথাযথ আইনি সুযোগ না দিয়েই ‘বিদেশি’ ঘোষণা করে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে দুই লাখ রুপি অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশে থাকা ওই নারীকে খুঁজে বের করে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন আদালত।
গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ
৩ সেপ্টেম্বর গুয়াহাটি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি সুস্মিতা ফুকন খান্ড।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাসনসংক্রান্ত নিয়ম না মেনে কাউকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় রাষ্ট্রের ওপর ক্ষতিপূরণ আরোপের ঘটনা এটি প্রথম।
মমতাজ বেগমকে ‘বিদেশি’ ঘোষণা
মামলার নথি অনুযায়ী, আসামের নগাঁওয়ের ফরেনার্স ট্রাইব্যুনাল গত ৩০ মে মমতাজ বেগমকে ‘বিদেশি’ ঘোষণা করে। এর আগে তাঁর মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কারণ, মমতাজের জমা দেওয়া সব প্রমাণ ট্রাইব্যুনাল যথাযথভাবে বিবেচনা করেনি বলে আদালত মনে করেছিলেন।
পুনর্বিবেচনার পর ট্রাইব্যুনালে হাজির হয়ে মমতাজ নিজেকে ‘বিদেশি’ ঘোষণার আদেশ পান। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সুযোগ পাওয়ার আগেই তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
আইনি সুযোগ না দেওয়ার অভিযোগ
গুয়াহাটি হাইকোর্ট বলেছে, মমতাজ বেগমকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াটি ঘোষিত বিদেশি নাগরিকদের বহিষ্কারসংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) সরাসরি লঙ্ঘন।
এসওপি অনুযায়ী, কাউকে বহিষ্কারের আগে তাঁর আইনি প্রতিকার পাওয়ার সব সুযোগ নিশ্চিত করতে হয়। কিন্তু মমতাজের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাই তাঁকে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন বিচারকেরা।
স্বামীকে দেওয়া হবে ক্ষতিপূরণ
মমতাজ বেগমের স্বামী মুজাম্মেল হক আদালতে হেবিয়াস করপাস আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত আসাম সরকারকে তাঁকে দুই লাখ রুপি অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
আদালত আরও জানিয়েছেন, এই অর্থ গ্রহণ করলে ভবিষ্যতে দেওয়ানি আদালতে অতিরিক্ত ক্ষতিপূরণ চাওয়ার অধিকার ক্ষুণ্ন হবে না।
ট্রাইব্যুনালের কার্যক্রম তদন্তের নির্দেশ
মমতাজকে ‘বিদেশি’ ঘোষণার আদেশটি ঠিক কখন প্রস্তুত করা হয়েছিল, তা তদন্ত করে জানানোর নির্দেশও দিয়েছেন আদালত। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল সদস্যের কম্পিউটার জব্দ করে মতামতটি কখন লেখা হয়েছিল, তা যাচাই করার কথাও আদেশে বলা হয়েছে।
এ ছাড়া কোনো ঘোষিত বিদেশি নাগরিককে হেফাজতে নেওয়ার আগে তাঁকে ট্রাইব্যুনালের আদেশ সম্পর্কে জানাতে এবং জেলা থেকে সরিয়ে নেওয়ার আগে তাঁর পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বিষয়টি অবহিত করতে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
ইসরায়েলি বসতির পণ্য বর্জনের ঘোষণা যুক্তরাজ্যসহ তিন দেশের, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল
বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১০ লাখ ডলার
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়তো হবে না, তবে চেষ্টা অব্যাহত থাকবে: খলিলুর রহমান