জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনতা ব্যাংকের কার্যক্রম সচল রাখতে প্রায় ১ হাজার ৩ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূলধনের ঘাটতি পূরণ করে ব্যাংকটির চারটি শাখার কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩০ কোটি দিরহাম মূলধন জোগান
সরকার জনতা ব্যাংকের ইউএই কার্যক্রমের জন্য ৩০ কোটি দিরহাম, যা প্রায় ৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার, মূলধন হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ বিভাগ ব্যাংকটিকে নির্ধারিত সময়ের মধ্যে ৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ১০৪ ডলার ইউএইতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
মূলধন ঘাটতির কারণে ঝুঁকিতে ছিল কার্যক্রম
ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশটিতে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন থাকার কথা ৪০ কোটি দিরহাম। কিন্তু ব্যাংকটির মূলধন ছিল মাত্র ১০ কোটি দিরহাম। ফলে ঘাটতি দাঁড়ায় ৩০ কোটি দিরহাম।
এই ঘাটতি পূরণে ব্যর্থ হওয়ায় ইউএইর কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর জনতা ব্যাংককে একাধিকবার সতর্ক করে। সর্বশেষ নির্দেশনায় শাখাগুলোর কার্যক্রম গুটিয়ে নিতে প্রশাসক নিয়োগের কথাও বলা হয়। একই সঙ্গে নতুন গ্রাহকের হিসাব খোলা ও নতুন সেবা দেওয়া বন্ধ এবং ব্যাংকের হিসাব থেকে অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
চার শাখায় সেবা অব্যাহত থাকবে
সরকারের অর্থ জোগানের ফলে ইউএইর আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইন—এই চার শাখায় জনতা ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে। এসব শাখার মাধ্যমে দেশটিতে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীরা ব্যাংকিং সেবা গ্রহণ করেন। জনতা ব্যাংক ১৯৭৬ সাল থেকে ইউএইতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রবাসী আয় ও বাণিজ্যিক সেবা
ইউএইতে থাকা বাংলাদেশিরা এসব শাখার মাধ্যমে দেশে প্রবাসী আয় পাঠানোর পাশাপাশি সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খুলতে পারেন। এছাড়া ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগের সুবিধাও রয়েছে।
বাংলাদেশ ও ইউএইর মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য ঋণপত্র (এলসি) খোলা, কমার্শিয়াল গ্যারান্টি এবং বাণিজ্যিক ঋণ দেওয়ার মতো সেবাও পরিচালনা করে জনতা ব্যাংকের এসব শাখা।
মূলধন পাঠানোর অনুমোদন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ন্যূনতম মূলধনের শর্ত পূরণ করতেই এই অর্থ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন সম্পদের সংরক্ষিত উপখাত থেকে স্থানীয় অফিসের মাধ্যমে অর্থ পাঠানো হবে।
অনুরূপ সংবাদ
নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে গেলে অর্থনীতি-সার্বভৌমত্ব ঝুঁকিতে: আনু মুহাম্মদ
দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলেছেন ৭,৮৯৬ গ্রাহক