ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত যাদের পরিচয় মিলেছে
ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কয়েকজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাঁদের কাউকে পানি ছুড়তে, কাউকে শাসাতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে।
স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। বাঁধনের অভিযোগ, ভাইয়ের পরিবার নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। তাঁর দিকে কোক ও ডিম ছোড়া হয় এবং একপর্যায়ে তাঁর মুঠোফোনও পড়ে যায়।
মনিরুল হাওলাদার
ঘটনার সময় মনিরুল হাওলাদার নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনাটি লাইভ করা হচ্ছিল। ওই লাইভের ক্যাপশনে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলার কথা উল্লেখ করা হয়।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, মনিরুলের বাড়ি মাদারীপুরে। স্থানীয় আওয়ামী লীগ ও তাঁর স্বজনদের সূত্রের বরাতে জানানো হয়েছে, তিনি ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।
পানি ছুড়তে দেখা যায় শিপল মাহমুদকে
ভিডিওতে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যাওয়া ব্যক্তির নাম শিপল মাহমুদ বিপ্লব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বাড়ি শরীয়তপুরে।
শরীয়তপুরের ছাত্রলীগ নেতাদের সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, শিপল আগে ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন ইলিয়াস
ভিডিওতে বাঁধনের দিকে এগিয়ে গিয়ে থাপ্পড় দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের একজন হিসেবে ইলিয়াস মিয়ার পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
প্রতিবেদন অনুযায়ী, ইতালির ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইলিয়াসের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। ভিডিওতে তাঁকে বাঁধনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় আঘাত তাঁর হাতে লাগে এবং তাঁর মুঠোফোনটি পড়ে যায়।
বাঁধনকে শাসাতে দেখা যায় আলতাফকে
ঘটনার সময় বাঁধনের আশপাশে থাকা এবং তাঁকে শাসাতে দেখা ব্যক্তিদের একজন হিসেবে আলতাফ পাহাড়ের নাম এসেছে। তাঁর বাড়ি শরীয়তপুরে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আলতাফ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ইতালির ভেনিসে যুবলীগের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভিডিওতে তাঁকে সামনের সারিতে থেকে বাঁধনের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা গেছে।
ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের অভিযোগ
বাঁধনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। ঘটনার সময় কয়েকজন নিজেদের ইতালির ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন এবং তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতালির আইনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বাঁধন ইতালির স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করার কথা জানিয়েছেন এবং ঘটনার প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও জানিয়েছেন।
অনুরূপ সংবাদ
৫৭ হাজার কোটি টাকা আয়! চমকে দিল যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন বক্স অফিস
বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের পরিবার গ্রাম ছাড়ল
কারিনা চলে যাবে এটার জন্য প্রস্তুত ছিলাম না, ও আমার জীবনের সবচেয়ে বড় অর্জন: ডানা