দেশে ক্রমবর্ধমান হামের সংক্রমণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং কেন এই সংকট তৈরি হলো তা খতিয়ে দেখতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এবং গণমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সংকটের সমাধান ও ভবিষ্যতের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
হামের ভয়াবহতা ও সংক্রমণের প্রকৃতি
ডা. তাসনিম জারা জানান, হামের ভাইরাস বাতাসে ছড়ায় এবং এটি অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত ব্যক্তি ঘরে থেকে চলে যাওয়ার ২ ঘণ্টা পরেও সেখানে কেউ ঢুকলে সংক্রমিত হতে পারেন।
-
একজন হাম আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন।
-
সংক্রমণ ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া আবশ্যক, যা ‘হার্ড ইমিউনিটি’র সীমা। এর নিচে নামলেই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে।
কেন আমাদের দেশে আউটব্রেক হচ্ছে?
জাতীয় কভারেজ ৯০-৯৫ শতাংশ হওয়া সত্ত্বেও কেন হাম ছড়াচ্ছে, তার ব্যাখ্যায় তিনি বলেন, জাতীয় গড়ের ভেতরে অনেক ‘পকেট’ বা বিশেষ এলাকা ঢাকা পড়ে যায়। দেশের কোনো চরাঞ্চল, পাহাড়ি এলাকা বা বস্তিতে যদি টিকাদান কভারেজ ৬০-৭০ শতাংশে নেমে আসে, তবে সেই ফাঁক দিয়েই ভাইরাস প্রবেশ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এই ফাঁকা জায়গাগুলো খুঁজে বের করা এখন জরুরি।
সংকট মোকাবিলায় ডা. তাসনিম জারার তিন দফা সুপারিশ
১. জাতীয় হাম হটলাইন ও আইসোলেশন: একটি জাতীয় কল সেন্টার চালু করা প্রয়োজন। প্রশিক্ষিত চিকিৎসকেরা কল সেন্টারের মাধ্যমে সম্ভাব্য রোগী শনাক্ত করবেন এবং তাকে সুনির্দিষ্ট হাসপাতালে পাঠাবেন। এতে করে রোগী এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে নতুন কাউকে সংক্রমিত করবে না। প্রতিটি এলাকায় নির্দিষ্ট আইসোলেশন কক্ষ ও যথাযথ ভেন্টিলেশনযুক্ত চিকিৎসাকেন্দ্র থাকতে হবে।
২. রিয়েল-টাইম ড্যাশবোর্ড: হাসপাতালের শয্যা বা আইসিইউ সিট খালি আছে কি না, তা জানার জন্য একটি ‘ন্যাশনাল বেড-অ্যাভেইলেবিলিটি ড্যাশবোর্ড’ প্রয়োজন। এর ফলে অভিভাবকদের রোগী নিয়ে দিশেহারা হয়ে ছুটতে হবে না এবং দালাল চক্রের হয়রানি কমবে।
৩. আইসিইউ সংকট ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ: হামে গুরুতর অসুস্থ শিশুদের জন্য আইসিইউ সংকট মোকাবিলায় প্রাইভেট হাসপাতালের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান তিনি। তিনি বলেন, “বিএনপির ইশতেহারে স্বাস্থ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) কথা জোর দিয়ে বলা হয়েছিল। অন্তত প্রতি বিভাগে একটি পেডিয়াট্রিক আইসিইউ-সম্বলিত প্রাইভেট হাসপাতালের সাথে পার্টনারশিপ করে শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”
জবাবদিহিতার দাবি
ডা. তাসনিম জারা স্পষ্টভাবে বলেন, “হামের এই সংকট এক সময় শেষ হবে। কিন্তু কেন আমরা এই অবস্থায় এসে পড়লাম? সেই প্রশ্নের জবাব আমাদের নিতেই হবে। সেটার জন্য প্রয়োজন সংসদীয় তদন্ত কমিটি।”
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
৩ ঘন্টা আগে
৯ জেলায় নতুন এডিসি: ২০ মে’র মধ্যে যোগদানের নির্দেশ
১৪ ঘন্টা আগে