জামায়াত-আওয়ামী লীগের পুরোনো প্রেম জেগে উঠেছে: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে পুরোনো রাজনৈতিক সম্পর্ক আবারও সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, জামায়াত আওয়ামী লীগের প্রতি নরম অবস্থান নিয়ে সরকারবিরোধী রাজনীতিতে সক্রিয় হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের নতুন হাটখোলা মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন। সকালে ঝিনাইদহ সফরে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত যে লংমার্চ কর্মসূচি পালন করছে, সরকার তাতে কোনো বাধা দিচ্ছে না। একই সঙ্গে তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন।
নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী দাবি করেন, কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়ে থাকলে তা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষেই হয়েছে বলে তিনি মনে করেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত হয়েছেন কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
দুর্নীতি ও চাঁদাবাজির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অন্যদিকে জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে সুরক্ষা দিয়ে চাঁদাবাজির সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝিনাইদহের একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন, জামায়াতের আমিরও একই ধরনের ভাষায় কথা বলছেন। ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বক্তব্যের মধ্যেও বর্তমানে পার্থক্য নেই বলে মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি জামায়াতকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ থেকে সরে এসে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করত: মীর শাহে আলম
সৎসাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করেন: মীর হেলাল
স্থানীয় নির্বাচনে সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে: জামায়াতের আমির