মুরগি কাটার সময় পেটের ভেতরে কখনো কখনো এক বা একাধিক ডিম পাওয়া যায়। এসব ডিম খাওয়া নিরাপদ কি না, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। কেউ রান্না করে খান, আবার কেউ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ফেলে দেন।
চিকিৎসকদের মতে, মুরগির পেট থেকে পাওয়া ডিম অক্ষত ও পরিষ্কার থাকলে এবং ভালোভাবে রান্না করে খাওয়া যেতে পারে। তবে ডিমটি মুরগির পেটের বর্জ্য দ্বারা দূষিত হলে বা নষ্ট হয়ে গেলে তা না খাওয়াই নিরাপদ।
ডিম অক্ষত আছে কি না দেখুন
মুরগির পেট থেকে ডিম বের করার সময় সতর্ক থাকতে হবে, যাতে সেটি ভেঙে না যায়। ডিমটি যদি খোলস বা পাতলা আবরণের মধ্যে অক্ষত থাকে, তাহলে তা খাওয়া যেতে পারে।
তবে ডিম ভেঙে গেলে কিংবা মুরগির পেটের ময়লা ও বর্জ্য এতে লেগে গেলে জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে পিত্তথলি বা নাড়িভুঁড়ি ফেটে বর্জ্য ডিমের গায়ে লাগলে সেটি না খাওয়াই নিরাপদ। দুর্গন্ধ থাকলেও ডিমটি ফেলে দিতে হবে।
কীভাবে রান্না করবেন?
এ ধরনের ডিম সংরক্ষণ না করে দ্রুত রান্না করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দৃশ্যমান ময়লা থাকলে টিস্যু দিয়ে হালকাভাবে পরিষ্কার করা যেতে পারে।
রান্নার ক্ষেত্রে ডিমটি ভালোভাবে সেদ্ধ বা রান্না করা গুরুত্বপূর্ণ। অল্প সময় উচ্চ তাপে রান্না করলে ভেতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি আঁচে পর্যাপ্ত সময় রান্না করে নিশ্চিত হতে হবে যে ডিমের ভেতরের অংশ পুরোপুরি জমাট হয়েছে।
জীবাণু সংক্রমণের ঝুঁকি
সঠিকভাবে বের করা এবং ভালোভাবে রান্না করা হলে এ ধরনের ডিম খাওয়ায় আলাদা কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে চিকিৎসকের বক্তব্য। তবে ডিমটি দূষিত হলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। এর মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে।
পুষ্টিগুণও রয়েছে
অন্য ডিমের মতো মুরগির পেটে পাওয়া ডিমেও আমিষ, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, আয়রন ও ভিটামিন বি১২সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। তবে এতে কোলেস্টেরলও তুলনামূলক বেশি থাকতে পারে।
যাঁদের উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা হৃদ্রোগ রয়েছে, তাঁদের অতিরিক্ত ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একইভাবে কোনো রোগের কারণে আমিষ বা আয়রন গ্রহণে বিধিনিষেধ থাকলে বাড়তি ডিম খাওয়ার বিষয়েও সতর্ক থাকতে হবে।
শেষ কথা
মুরগির পেটে পাওয়া ডিম মানেই তা খাওয়ার অনুপযোগী—এমন নয়। ডিমটি অক্ষত, দুর্গন্ধমুক্ত ও দূষণমুক্ত হলে ভালোভাবে রান্না করে খাওয়া যেতে পারে। তবে মুরগির বর্জ্য লেগে গেলে, ডিম নষ্ট হলে বা দুর্গন্ধ থাকলে তা না খাওয়াই নিরাপদ।
বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
১১ ঘন্টা আগে
সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
১২ ঘন্টা আগে
অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ-লুটপাটে জড়িত: স্পিকার
১২ ঘন্টা আগে