সৎসাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করেন: মীর হেলাল
বিদেশে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই কাটিরহাট বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর হেলাল বলেন, যারা নিজেদের নির্দোষ মনে করেন, তাদের সৎসাহস থাকলে দেশে ফিরে আসা উচিত। তিনি তাদের আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থান করে কিছু ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর দাবি, এভাবে বিদেশে বসে বাংলাদেশের সরকার পতন সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের উচিত দেশের দরিদ্র পরিবারের সন্তানদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করে তাদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলা। একই সঙ্গে তিনি হাটহাজারীতে প্রতিহিংসার রাজনীতি না করার কথাও বলেন এবং কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যে বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গও তুলে ধরেন মীর হেলাল। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি এলাকায় নিষিদ্ধ সংগঠনের কথিত নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করত: মীর শাহে আলম
জামায়াত-আওয়ামী লীগের পুরোনো প্রেম জেগে উঠেছে: রাশেদ খাঁন
স্থানীয় নির্বাচনে সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে: জামায়াতের আমির