বৈশ্বিক নারী জোটসমূহের সঙ্গে ইসলামী ছাত্রীসংস্থার বৈঠক
গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বৈশ্বিক নারী জোটগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হিউম্যানিটারিয়ান কেয়ার মালয়েশিয়ার উদ্যোগে গ্লোবাল উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন, এশিয়া প্যাসিফিক উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইন এবং রোজ২রোজের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন
বৈঠকে গ্লোবাল উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এস্মা সাইদোগ্লু, এশিয়া প্যাসিফিক উইমেন’স কোয়ালিশন ফর আল-কুদস অ্যান্ড প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ডা. ফাওজিয়া বিনতি মোহাম্মদ হাসান এবং রোজ২রোজের এক্সিকিউটিভ নুরমাসসুরি বিনতি হারুন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া, সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফাসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের সদস্যরাও বৈঠকে অংশ নেন।
গাজায় মানবিক সংকট নিয়ে আলোচনা
বৈঠকে গাজায় চলমান মানবিক সংকট, ফিলিস্তিনি জনগণের অধিকার এবং তাঁদের প্রতি সংহতি প্রকাশে নারী ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া গাজার পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংহতি ও সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় হয়।
যৌথভাবে কাজ করার আগ্রহ
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা বৈশ্বিক উম্মাহ ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সচেতনতা সৃষ্টি, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, নারীদের নেতৃত্বাধীন উদ্যোগ এবং গাজা ও ফিলিস্তিনের জনগণের প্রতি দীর্ঘমেয়াদি সংহতি কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকটি গাজা, আল-কুদস, ফিলিস্তিন ও বৈশ্বিক উম্মাহর প্রতি সংহতি এবং সহযোগিতামূলক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হয়।
অনুরূপ সংবাদ
গফরগাঁওয়ে গণসংযোগে হামলা ও ওসির বক্তব্যের তীব্র প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
নাশকতার ঘটনায় জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্য প্রত্যাহারের দাবি রেজাউল করিমের
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে জামায়াতের নায়েবে আমীরের মতবিনিময়