ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ভারতের উদ্দেশে বলেন, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ শুধু আমন্ত্রণ রক্ষার জন্য ভারতে যাবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আবদুর রব ইউসুফী বলেন, সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের শিকার হচ্ছেন। এসব বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার কার্যকর করারও দাবি জানান তিনি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে। জনগণের আর্থিক সামর্থ্য বিবেচনায় এসবের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
সমাবেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেককে নিয়ে অপপ্রচারের অভিযোগও তোলেন জমিয়তের নেতারা। তাঁকে লক্ষ্য করে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম ও মাওলানা তাজুল ইসলাম আশরাফীসহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুরূপ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
স্থায়ী শান্তির জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতির তাগিদ জাপার একাংশের
বীর মুক্তিযোদ্ধার তালিকায় আর আবেদন নয়, চূড়ান্ত যাচাইয়ে বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা