‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—প্রমাণ চাইল জামায়াত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে প্রমাণ চেয়েছে দলটি। অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যে একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। জামায়াতের দাবি, এ ধরনের গুরুতর অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ প্রকাশ না করে মন্তব্য করা দায়িত্বশীল আচরণ নয়।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ডিএনসিসির ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান অটোরিকশা নিয়ে আন্দোলনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক অটোরিকশাচালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে কথা বলেছেন। পরে অনুসন্ধানে ওই নেতার ৭০০টি অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে তিনি মন্তব্য করেন। তবে বক্তব্যে তিনি কারও নাম উল্লেখ করেননি।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা এবং চালকদের জীবিকার মতো বিষয়গুলো জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের অবস্থানের সমালোচনা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত বলে দলটি মনে করে।
বিবৃতিতে ডিএনসিসি প্রশাসকের প্রতি বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানানো হয়। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানায় জামায়াত।
এর আগে ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়াগামী লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার অটোরিকশাচালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয় বা কেউ উসকানি দেওয়ার সুযোগ পায়।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে বিভিন্ন টেলিভিশন টক শোতেও জামায়াতের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার কথা উল্লেখ করা হচ্ছে। তবে ডিএনসিসি প্রশাসক তাঁর বক্তব্যে সরাসরি কারও নাম বলেননি।
অনুরূপ সংবাদ
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন ডা. শফিকুর রহমান
হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক