সাত মাসে তিনবার তেলের দাম বৃদ্ধি, সরকারের কাছে যে প্রশ্ন জামায়াতের
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সাত মাসের মধ্যে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁর প্রশ্ন, এভাবে দাম বাড়াতে থাকলে সরকার আগামী পাঁচ বছর কীভাবে পরিচালনা করবে।
সোমবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
দাম বাড়লে প্রভাব পড়ে নিত্যপণ্যে
মিয়া গোলাম পরওয়ার বলেন, পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ে এবং এর প্রভাব অন্যান্য পণ্যের দামেও পড়ে বলে তিনি মন্তব্য করেন।
জ্বালানি খাতে লোকসান ও ভর্তুকির যুক্তি দেখিয়ে দাম বাড়ানোর সমালোচনা করেন জামায়াতের এই নেতা। জনগণের অর্থ দিয়ে সরকারের দায়িত্বশীলভাবে ব্যয় ও রাজস্ব ব্যবস্থাপনা করার কথা উল্লেখ করেন তিনি।
মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং সরকারের বিরুদ্ধে ক্ষমতার সংখ্যাগরিষ্ঠতা ব্যবহারের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যে সরকারের কর্মকাণ্ডকে তিনি ‘ফ্যাসিবাদ’ ও ‘কর্তৃত্ববাদ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার তাদের দাবি ও কর্মসূচির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রাজধানীমুখী লংমার্চের কর্মসূচি দেওয়া হতে পারে।
উত্তর ও দক্ষিণ মহানগরেও কর্মসূচি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর জামায়াতও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মহাখালীর কলেরা হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য দেন।
তিনি অভিযোগ করেন, সরকার গভীর রাতে প্রেস নোট জারি করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তাঁর দাবি, এ মূল্যবৃদ্ধির প্রভাব দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহনসহ বিভিন্ন খাতে পড়বে।
অনুরূপ সংবাদ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, সরকারকে ‘প্রতিরোধের’ হুঁশিয়ারি
আজও ১০০ ডলারের ওপরে তেলের দাম, হরমুজ নিয়ে বাড়ছে উদ্বেগ
জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার
নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে গেলে অর্থনীতি-সার্বভৌমত্ব ঝুঁকিতে: আনু মুহাম্মদ
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১১ ঘন্টা আগে