গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে 'জয় বাংলা' স্লোগান: টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
স্কুল প্রাঙ্গণে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে লোডশেডিংয়ের কারণে টিফিনের পর স্কুল ছুটি ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের চারতলায় শ্রেণিকক্ষের সামনের করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে ওই স্লোগান দেয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। পরবর্তীতে ভিডিওটি গোয়েন্দা সংস্থার নজরে এলে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন।
তদন্ত ও শাস্তির সিদ্ধান্ত: গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসকের নির্দেশে বাণিজ্য বিভাগের শিক্ষক ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে গত ২৯ অক্টোবর প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে গত ১ নভেম্বর সংশ্লিষ্ট ৯ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কিছু শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে এসে যোগাযোগ করলেও তাঁদের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন প্রধান শিক্ষক।
অনুরূপ সংবাদ
মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০ ককটেল ও মশাল উদ্ধার
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমু-দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাকায় ভোরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ