মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০ ককটেল ও মশাল উদ্ধার
রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মিরপুর মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আল মাহমুদকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর ১ নম্বর সেকশনের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকার তানিম ভবনের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল-লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কর্মী জড়ো করে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য এসব বিস্ফোরক ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছিল। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে নিরাপদ দূরত্বে গর্ত খুঁড়ে নিষ্ক্রিয় করা হয়।
আইনি পদক্ষেপ ও অন্যান্য গ্রেপ্তার: পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকা এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে আল মাহমুদ তারেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে পৃথক অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুরূপ সংবাদ
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে 'জয় বাংলা' স্লোগান: টিসি পাচ্ছে ৯ শিক্ষার্থী
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: আমু-দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাকায় ভোরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ