র্যাব বিলুপ্তির পর তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথম তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে নতুন এই ইউনিট।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকা তৈরি বা লেনদেন, জুয়া, চোরাচালান ও নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
অস্ত্র ও মাদক উদ্ধার
তিন দিনের অভিযানে মোট ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। পাশাপাশি উদ্ধার করা হয়েছে আধা কেজির বেশি হেরোইন, ২৩১ বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা, ৫ হাজার ইয়াবা বড়ি এবং দেশি-বিদেশি মিলিয়ে ২৯ লিটার মদ।
এসআরবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব বিলুপ্ত হয়ে এসআরবি
গত মঙ্গলবার সরকার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬ আইনের প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করে। এর মাধ্যমে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি কার্যক্রম শুরু করে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুযোগ-সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে থাকা অর্থ, দায়-দেনা, চুক্তি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিভিন্ন নথি ও রেকর্ড এসআরবির কাছে হস্তান্তর ও ন্যস্ত করা হয়েছে।
নতুন ইউনিটের কার্যক্রম শুরুর পরপরই দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও অস্ত্র-মাদক উদ্ধারের এই তথ্য জানিয়েছে এসআরবি।
অনুরূপ সংবাদ
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১১ ঘন্টা আগে