আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা, আটক ৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মুঠোফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিন নামের এক তরুণকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামের আরও দুজনকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হলেও মায়ের আইফোনটি সেখানে পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, মোবাইল ফোনের জন্যই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশ অনেকটা নিশ্চিত। তবে পরবর্তী তদন্তে পুলিশ জানিয়েছে, আইফোন ছাড়া অন্য কোনো কারণও ঘটনার পেছনে থাকতে পারে কি না, তা বিবেচনায় নেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে