মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে কোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র।
তিনি বলেন, মক্কা ও মদিনায় কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পবিত্র দুই নগরীর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
ধর্মমন্ত্রী আরও বলেন, পবিত্র ভূমির বিরুদ্ধে কোনো আগ্রাসন বা ষড়যন্ত্রের চেষ্টা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় লাখ লাখ মুসলিম জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে কায়কোবাদ পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। শেষে তিনি পবিত্র দুই নগরীর সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে