জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। পররাষ্ট্রসচিবের তথ্য অনুযায়ী, সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন।
২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ
সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো উঠে আসতে পারে।
রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু
২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। একই দিনে জলবায়ু পরিবর্তন ও ন্যায়সংগত উত্তরণসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যাসংক্রান্ত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে।
বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে বলে জানানো হয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এবারের সফরটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ।
অনুরূপ সংবাদ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত-এবি পার্টির, বিক্ষোভের ঘোষণা ৩ দলের
লিটারে ২০ টাকা বাড়ল তেলের দাম, রংপুর-যশোরে পাম্পে দীর্ঘ সারি
র্যাব বিলুপ্তির পর তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩
জামায়াতের লং মার্চকে দেশের ক্ষতি বললেন চরমোনাই পীর
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১১ ঘন্টা আগে