সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন ভাতা বাড়ল, কোন ভাতা কমল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল–২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতনকাঠামোয় মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
নতুন কাঠামোয় চিকিৎসা, টিফিন, যাতায়াত ও ধোলাই ভাতাসহ বেশ কিছু ভাতা বাড়ানো হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষ ভাতা কমানো হয়েছে। বাড়িভাড়ার হারও নতুন কাঠামোয় বিভিন্ন গ্রেড ও এলাকার ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।
চিকিৎসা ভাতা বাড়ল
নতুন বেতনকাঠামোয় ৫০ বছর বয়স পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
বর্তমানে সব সরকারি কর্মচারী মাসে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পান।
অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বয়স অনুযায়ী ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা
নতুন নিয়মে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন। বর্তমানে এই ভাতার পরিমাণ ২০০ টাকা।
তবে কোনো কর্মচারী নিজ প্রতিষ্ঠানে দুপুরের খাবারের ভাতা বা বিনা মূল্যে দুপুরের খাবার পেলে টিফিন ভাতা পাবেন না।
যাতায়াত ভাতা দ্বিগুণ
সিটি করপোরেশন এলাকায় কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মাসিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
ধোলাই ভাতাও বাড়ল
যেসব সরকারি কর্মচারীর জন্য ধোলাই ভাতা প্রযোজ্য, তাঁদের মাসিক ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
পাহাড়ি ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে
পার্বত্য জেলার জেলা সদর ও সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পাবেন। আগে এর সর্বোচ্চ পরিমাণ ছিল ৩ হাজার টাকা।
অন্য উপজেলায় মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা পাহাড়ি ভাতা পাওয়া যাবে। আগে সর্বোচ্চ পরিমাণ ছিল ৫ হাজার টাকা।
কমেছে বাংলা নববর্ষ ভাতা
নতুন বেতনকাঠামোয় বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এ ভাতা আগের তুলনায় ৫ শতাংশ কমেছে।
সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা
নতুন কাঠামোয় মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। আগে মূলত পঞ্চম গ্রেড ও তার ওপরের কর্মকর্তাদের জন্য এ সুবিধা ছিল।
নতুন নিয়মে পঞ্চম গ্রেড ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।
চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন ভাতা চালু করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা হারে এ ভাতা পাবেন। তবে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
বাড়িভাড়ার হারেও পরিবর্তন
নতুন বেতনকাঠামোয় বাড়িভাড়ার হার গ্রেড ও কর্মস্থলের এলাকার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নির্দিষ্ট গ্রেডে মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও পৌর এলাকায়ও গ্রেডভেদে আলাদা হার রাখা হয়েছে।
কবে থেকে কার্যকর হবে?
নতুন বেতনকাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তবে পুরো বেতন একসঙ্গে কার্যকর হচ্ছে না।
২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত বেতনের শতভাগ কার্যকর হবে।
তবে নতুন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন।
অনুরূপ সংবাদ
‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য?’ কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম
মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে