বিশ্বজয়ী হাফেজদের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের
বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনা এবং সংবিধান নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিক্রিয়া জানান।
হাফেজদের বই দেওয়া নিয়ে আপত্তি
বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে সম্মাননা অনুষ্ঠানে ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার বিষয়টি তারা অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
তাদের দাবি, বইটির লেখকের চিন্তাধারা ও বইয়ের বিষয়বস্তু ইসলামি আকিদা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে হাফেজদের কাছ থেকে বইটি প্রত্যাহার করে এর পরিবর্তে ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় কোনো দায়িত্বশীল কর্মকর্তার অবহেলা ছিল কি না, কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা তদন্ত করে দেখারও দাবি জানিয়েছে হেফাজত। ভবিষ্যতে সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে তারা।
আইনমন্ত্রীর বক্তব্য নিয়েও সমালোচনা
সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের একটি বক্তব্যেরও সমালোচনা করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, আইনমন্ত্রী বলেছেন—‘কোরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’
হেফাজতের নেতারা এই বক্তব্যকে তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রীর কাছে বক্তব্যটি প্রত্যাহার এবং এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন।
তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি
হেফাজতে ইসলাম তাদের বিবৃতিতে হাফেজদের হাতে বইটি পৌঁছানোর প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে উপহার নির্বাচন ও বিতরণের ক্ষেত্রে আরও যাচাই-বাছাইয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।
অনুরূপ সংবাদ
জামায়াতের লং মার্চকে দেশের ক্ষতি বললেন চরমোনাই পীর
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন ভাতা বাড়ল, কোন ভাতা কমল