লিটারে ২০ টাকা বাড়ল তেলের দাম, রংপুর-যশোরে পাম্পে দীর্ঘ সারি
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর নতুন দাম কার্যকর হওয়ার আগে রংপুর ও যশোরের বিভিন্ন পেট্রলপাম্পে ভিড় করেছেন চালকেরা। পুরোনো দামে তেল নেওয়ার জন্য রোববার রাতে পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
রংপুর নগরের মেসার্স সুরমা ফিলিং স্টেশনে রাত পৌনে ১২টার দিকে গিয়ে দেখা যায়, তেল নিতে অসংখ্য মোটরসাইকেল আরোহী অপেক্ষা করছেন। হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় পাম্পের কর্মীদের পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। এ সময় কয়েকজন চালক তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এক মোটরসাইকেল আরোহী বলেন, কোনো আলোচনা ছাড়াই হঠাৎ লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হয়েছে। আরেকজনের মন্তব্য, দুই-চার টাকা বাড়ানো হলেও মেনে নেওয়া যেত, কিন্তু একবারে ২০ টাকা বৃদ্ধি অনেক বেশি।
অন্য একটি পাম্পে রাত ১২টার দিকে নতুন দাম কার্যকর হওয়ার সময়ও উত্তেজনা দেখা যায়। সেখানে অপেক্ষমাণ কয়েকজন চালক আগের দামে তেল দেওয়ার দাবি করেন। তাঁদের যুক্তি ছিল, পাম্পে আগের দামে কেনা তেল থাকা সত্ত্বেও নতুন দামে তা বিক্রি করা হচ্ছে কেন—এ বিষয়ে প্রশ্ন রয়েছে।
তবে রাত ১২টার পর নতুন দাম কার্যকর হয়ে গেলে পাম্পগুলোতে যানবাহনের ভিড় দ্রুত কমে আসে। একপর্যায়ে পাম্পগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। পাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই হঠাৎ করে মানুষের ভিড় বেড়েছিল।
যশোরেও দীর্ঘ সারি
জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের বিভিন্ন পেট্রলপাম্পেও রাত থেকেই দীর্ঘ সারি তৈরি হয়। শহরের এম কে রোড এলাকার একটি পাম্পে রাত ১১টার দিকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যানবাহনের চাপ সামলাতে পাম্পের কর্মীদেরও ব্যস্ত সময় পার করতে হয়।
এক বেসরকারি চাকরিজীবী বলেন, তাঁদের আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বাড়ছে। এর মধ্যে একবারে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ায় সংসারের অতিরিক্ত খরচ সামলানো কঠিন হবে।
পাম্প কর্তৃপক্ষ জানায়, দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কর্মীরা রাতভর কাজ করেন।
অনুরূপ সংবাদ
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১১ ঘন্টা আগে