জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত-এবি পার্টির, বিক্ষোভের ঘোষণা ৩ দলের
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার পৃথক বিবৃতিতে দলগুলোর পক্ষ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়ছে। তাঁর দাবি, নতুন করে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে সংকট আরও বাড়াতে পারে।
বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জামায়াতের
মিয়া গোলাম পরওয়ারের বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বিকল্প ব্যবস্থা গ্রহণ, সরকারি ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারি জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধেরও দাবি জানানো হয়েছে।
মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এবি পার্টির
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, মূল্যবৃদ্ধির আগে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন ছিল। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি, অদক্ষতা ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার কথাও বলেন তাঁরা।
এবি পার্টি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তিন দলের বিক্ষোভ কর্মসূচি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতের ঢাকা মহানগরীর উদ্যোগে সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে। এতে মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া এনসিপি সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ধ্যা সাতটায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।
নতুন জ্বালানি তেলের দাম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রোববার রাতে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দামে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।
নতুন মূল্য ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১১ ঘন্টা আগে