ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে সম্প্রতি প্রকাশ্যে পরিচয় করানো হয়। এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে তিনি ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে জানান।
এ ঘটনার পর গত জুলাইয়ে জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়েছিল।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফরেনসিক দলের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
অনুরূপ সংবাদ
জামায়াত আমির ও নাহিদ কি নির্বাচনে পাস করেছিলেন, প্রশ্ন রাশেদ খানের
এনবিআর সংস্কারে বিএনপির অবস্থান বদল নিয়ে প্রশ্ন হাসনাতের
একাত্তরের জন্য ক্ষমাপ্রার্থনা, নেতৃত্বের আধুনিকায়নসহ জামায়াতকে ৫ পরামর্শ ব্যারিস্টার রাজ্জাকের