‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য?’ কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম
গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘মন্ত্রী বড়, নাকি স্থানীয় সংসদ সদস্য বড়?’
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সংস্থাটির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সভায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অনেকে উপস্থিত না থাকায় প্রতিমন্ত্রী তাঁদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য কর্মকর্তাদের ডাকা হলেও অনেকে সভায় উপস্থিত হননি। এভাবে গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভায় রাঙামাটি জেলার কর্মকর্তাদের দাঁড় করিয়ে উপস্থিতির হিসাব নেন প্রতিমন্ত্রী। জেলার ১০টি উপজেলার মধ্যে ছয়জন কর্মকর্তা উপস্থিত থাকায় তিনি বাকি কর্মকর্তাদের বিষয়ে জানতে চান। এ সময় জানানো হয়, একজন নির্বাহী প্রকৌশলী স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একটি সভায় রয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, কোনো উপজেলা বা এলাকার উন্নয়নকাজ নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তাদের সমন্বয় করতে হবে। তবে মন্ত্রী, সচিব ও প্রতিমন্ত্রীর ডাকা গুরুত্বপূর্ণ সভার সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের সভার সময় সাংঘর্ষিক হলে বিষয়টি সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
পরে বান্দরবান, খাগড়াছড়ি, নেত্রকোনাসহ বিভিন্ন জেলার কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় প্রতিটি জেলা থেকেই দু-তিনজন করে কর্মকর্তা সভায় অনুপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মোট ৫০৩ জন কর্মকর্তার মধ্যে ৪৪০ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন প্রতিমন্ত্রী। কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী প্রকৌশলীরা সবাই সভায় উপস্থিত ছিলেন।
একজন উপজেলা প্রকৌশলী সভায় অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন শাহে আলম। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সভায় প্রতিমন্ত্রী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও হাটবাজারসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে