ময়মনসিংহ ও রাজবাড়ীর দৌলতদিয়ায় পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে পৃথক সময়ে বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও দৌলতদিয়ার বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে। তবে দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহে বাসে আগুন, আটক ১
ময়মনসিংহ নগরের মাসকান্দা বাসটার্মিনালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে রাত ১২টার দিকে আগুন দেওয়া হয়। ওই সময় বাসটির চালক ও হেলপার সেখানে ছিলেন না।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে বাসটির সব আসন এবং ইঞ্জিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসের নিচের অংশ ও টায়ার অক্ষত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দুটি মোটরসাইকেলে করে কয়েকজনকে বাসটিতে আগুন দিতে দেখা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. পিয়াস (২৫) নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৌলতদিয়ায় পুড়ে গেল বাস
অন্যদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসটার্মিনালে রাত একটার দিকে ‘মা ক্লাসিক্যাল’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত। দিনের ট্রিপ শেষে সন্ধ্যায় বাসটি টার্মিনালে পার্ক করে রাখা হয়েছিল। পরে রাতের দিকে স্থানীয়রা বাসটির পেছনের অংশে আগুন দেখতে পান এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। বাসের চালক জানান, আগুন লাগার সময় বাসটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ ছিলেন না।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুনের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।