ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
ডিএসসিএসসি কোর্স চলাকালে অসুস্থ
প্রজ্ঞাপন অনুযায়ী, নিজাম উদ্দিন চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ অধিদপ্তর থেকে যান।
কোর্স চলাকালে ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাঁর ডোপ টেস্ট করা হয়।
পরীক্ষার ফল ‘পজিটিভ’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজাম উদ্দিনের ডোপ টেস্টের ফল পজিটিভ আসে। এ ঘটনাকে ডিএসসিএসসি-২০২৬ কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাবেন খোরপোশ ভাতা
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।