তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত
সরকারের এ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব
অভিযানের মূল লক্ষ্য ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সংবাদকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১৮ ঘন্টা আগে