কালিন্দী নদী দিয়ে ১০-১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধা
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে কালিন্দী নদী দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের দিকে ফিরে যায় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ।
কালিন্দী নদীতে বিএসএফের নৌযান
বিজিবি সূত্রে জানা গেছে, নীলডুমুর ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর চর এলাকায় ওই ব্যক্তিদের নিয়ে আসে বিএসএফ। ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা এ সময় একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করেন।
বিজিবির টহল দল বিষয়টি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে বিজিবির সদস্যরা বৃষ্টির মধ্যেই স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের অবস্থানের কারণে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি।
ফিরে যায় বিএসএফ
বিজিবি জানিয়েছে, শুক্রবার বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে নিয়ে ভারতের দিকে ফিরে যান। বিজিবির সরবরাহ করা ভিডিওতেও বৃষ্টির মধ্যে সীমান্তের জলসীমায় দুটি নৌযান পাশাপাশি থাকার দৃশ্য দেখা গেছে।
সীমান্তে নজরদারি জোরদার
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ বলেন, যেকোনো ধরনের ‘ঠেলে পাঠানোর’ চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১৮ ঘন্টা আগে