ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই-পরবর্তী পরিবর্তন, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
সোমবার রাজধানীর গুলশানে ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।
ফরাসি প্রতিনিধিদলে যারা ছিলেন
ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ, সিনেটর পিয়ের-আলাঁ রোয়েরোঁ ও সিনেটর অলিভিয়ের হেনো। তাঁদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আলী আহাদ মাবরুর।
সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা
বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তাঁদের মূল্যায়ন তুলে ধরেন। তাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
জুলাই সনদে উল্লেখিত অঙ্গীকারগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁরা তুলে ধরেন। প্রয়োজনীয় সংস্কার বিলম্ব না করে এগিয়ে নেওয়া উচিত বলেও মত দেন জামায়াতের প্রতিনিধিরা।
সংসদীয় গণতন্ত্র নিয়েও আলোচনা
জাতীয় সংসদের কার্যকারিতা বাড়ানো এবং বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
জামায়াতের প্রতিনিধিরা রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে সমাধানের জন্য সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
এ ছাড়া বিরোধী দলগুলোর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের বিষয়েও ফরাসি প্রতিনিধিদের অবহিত করা হয়। জামায়াতের পক্ষ থেকে এসব কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গ
বাংলাদেশের জলবায়ু ঝুঁকি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জামায়াতের প্রতিনিধিরা।
ফরাসি সিনেটররাও বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে।