Tuesday, 05 May 2026

ব্রেকিং নিউজ:

দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

জাতীয় May 5, 2026 05:20 PM ১ দর্শক
দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার খেটে খাওয়া মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত ‘স্বাস্থ্য সেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ সংসদীয় আসনের নির্বাচনী প্রতিশ্রুতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতের নাজুক চিত্র:

দেশের বর্তমান স্বাস্থ্য সেবাকে ‘নাজুক’ অভিহিত করে ডা. জুবাইদা রহমান বলেন, “আমাদের সরকারি হাসপাতালগুলো সামর্থ্যের চেয়ে অতিরিক্ত চাপের মুখে রয়েছে। স্বাস্থ্যকর্মীরা যেমন বঞ্চিত, তেমনি তাদের বণ্টনও অসম। সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া এখন একটি বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে।”

ব্যয়বহুল চিকিৎসা ও দারিদ্র্য:

স্বাস্থ্য ব্যয়ের বিশাল বোঝা জনগণের ওপর পড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণ নিজে বহন করে। ফলে সাধারণ মানুষের জন্য অসুস্থতা এখন দরিদ্র হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।”

শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা:

কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার মানুষের অবদানের কথা স্মরণ করে ডা. জুবাইদা বলেন, “এই শহরের জীবনযাত্রাকে যারা সচল রেখেছে, যারা পোশাক শিল্পকে উজ্জ্বল করেছে কিংবা শ্রম দিয়ে ইমারত গড়েছে—তারা মূলত এই এলাকাগুলোতেই বসবাস করে। পরিসংখ্যানে দেখা গেছে, এই এলাকার ৪২ শতাংশ মানুষ শুধু ফার্মেসির ওপর নির্ভর করে স্বাস্থ্য সেবার সমাধান খোঁজে। তারা যেকোনো মূল্যে সুস্থ হতে চায়, যেন অসুস্থতার কারণে তাদের কর্মক্ষেত্রে ছুটি নিতে না হয়।”

সুচিকিৎসার প্রত্যাশা:

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবজাতক থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত এই অবহেলিত জনপদের প্রতিটি মানুষ যেন আধুনিক ও মানসম্মত সুচিকিৎসা পান। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুরূপ সংবাদ