প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নির্বাচিত অনেক প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি—এমন পরিস্থিতিতে তাঁদের বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাঁদের নিয়োগ নিশ্চিত করা উচিত। একই সঙ্গে নিয়োগ থেকে বাদ দেওয়ার কারণও স্পষ্ট করার দাবি জানান তিনি।
১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত
গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের আগামী ১ অক্টোবর নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে কিছু নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন
নাহিদ ইসলাম দাবি করেন, লিখিত ও নিয়োগপ্রক্রিয়ার অন্যান্য ধাপে উত্তীর্ণ হওয়ার পরও অনেক প্রার্থী দীর্ঘ সময় ধরে ভেরিফিকেশন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তাঁর ভাষ্য, অন্তত এক হাজার প্রার্থীকে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের কারণে নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাদ পড়া অনেক প্রার্থীর বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির তথ্য নেই বলে তাঁদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ অবস্থায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া ছাড়া কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
‘নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে’
নাহিদ ইসলামের দাবি, যেসব প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাঁদের নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে তিনি নিয়োগ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন।
অনুরূপ সংবাদ
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
ভারতের প্রভুত্ব থেকে জাতিকে আমরা রক্ষা করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী