যুক্তরাজ্য বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একই সঙ্গে তিনি বলেছেন, শুধু অর্থ ফেরত আনা নয়, ভবিষ্যতে অর্থপাচারের প্রবাহ বন্ধ করাও দুই দেশের যৌথ অগ্রাধিকার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক”-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সারাহ কুক জানান, গত দুই বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পদ পুনরুদ্ধার (asset recovery) এবং অবৈধ অর্থপাচার প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তার ভাষায়, যুক্তরাজ্য ইতোমধ্যে প্রায় ২৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে এবং এসব প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।
তিনি বলেন, “অর্থপাচারের অর্থ ফেরত আনার ক্ষেত্রে সময় লাগে। কারণ এটি কঠোর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং শক্ত প্রমাণ প্রয়োজন হয়। আমরা এ কাজ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অবৈধ অর্থ ফেরত আসবে কি না—এ প্রশ্নে তিনি সরাসরি কোনো মামলার বিষয়ে মন্তব্য না করে জানান, প্রতিটি ক্ষেত্রেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বাংলাদেশের অর্থনীতি ও সংস্কার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। তার মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হলেও এই সময়ে সহযোগিতা আরও বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, সুশাসন এবং মানবাধিকার ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখবে। তবে রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন।
আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত দেশটির সংসদ ও জনগণের বিষয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার প্রেক্ষাপট এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল।
একই অনুষ্ঠানে যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক এবং বিমান খাতের সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
অনুরূপ সংবাদ
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরে মতবিরোধ
৭ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
নিজেকে ঘিরে সমালোচনা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য
১১ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত
২১ ঘন্টা আগে