Sunday, 19 April 2026

ব্রেকিং নিউজ:

স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে মাঠে নেমেছে সরকার

জাতীয় April 18, 2026 03:39 PM ৩৭ দর্শক
স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে মাঠে নেমেছে সরকার

স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে দেশজুড়ে বিকেন্দ্রীকরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বের হয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিক ও কার্যকর করে তোলাই সরকারের লক্ষ্য।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ সেবা ও আধুনিক ল্যাব সুবিধা মূলত ঢাকাকেন্দ্রিক। ফলে গ্রাম ও শহরের মধ্যে স্বাস্থ্যসেবায় বৈষম্য তৈরি হয়েছে। এ অবস্থার পরিবর্তনে সরকার জেলা ও উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে।

চিকিৎসকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, একজন চিকিৎসকের আচরণ ও পরামর্শ রোগীর জন্য ওষুধের মতোই গুরুত্বপূর্ণ। তাই পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনও চিকিৎসকদের জন্য জরুরি।

আন্তর্জাতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের মতো উন্নত দেশও তাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে। তিনি সেখানে থাকার অভিজ্ঞতা থেকে বলেন, উন্নত অর্থনীতি থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা পরিচালনা সহজ নয়—এটি একটি বড় ব্যবস্থাপনা চ্যালেঞ্জ।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা ও মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বড় বাজেট নয়, বরং আন্তরিকতা ও সঠিক দৃষ্টিভঙ্গিই পরিবর্তন আনতে পারে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বা ছোটখাটো সমস্যার সমাধানেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

একটি ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনো প্রাথমিক চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে সামান্য যন্ত্রপাতির অভাবে রোগীদের ঢাকায় রেফার করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবে।

অনুরূপ সংবাদ