নির্বাচন সহজ হবে না, মানুষের দুয়ারে যেতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত সহজ মনে করা হচ্ছে বাস্তবে তা ততটা সহজ হবে না। নির্বাচনকে ঘিরে নেতা–কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। তাহলেই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন বিভাগের সাংগঠনিক ইউনিটের হাজারের বেশি নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “এক বছর সোয়া বছর আগে বলেছিলাম সামনে যে নির্বাচন আসছে তা মোটেও সহজ হবে না। আজ ধীরে ধীরে সেটিই প্রমাণিত হচ্ছে।” তিনি মনে করেন, যদি এখনো সবাই সিরিয়াস না হন, তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তার বক্তব্যে তিনি গণতন্ত্রকে রক্ষার জন্য দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না উল্লেখ করে তিনি বলেন, “যারা বিএনপিকে ভোট দিয়েছে, তাদের পাশাপাশি যারা ভোট দেয়নি—সবার জন্য কাজ করতে হবে। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য রাষ্ট্র পরিচালনা করা যাবে না।”
তিনি আরও বলেন, বিএনপি কেবল স্বপ্ন দেখাচ্ছে না, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে।
নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি মসজিদে গিয়ে তাদের কথা বলছেন। তারা যদি বলতে পারে, আপনি কেন পারবেন না? সবার কথা বলার অধিকার আছে। যদি কোথাও ‘বলা যাবে না’—এমন নিয়ম থাকে, তবে তা সবার জন্যই প্রযোজ্য হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতারা।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে