আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি করতে দেওয়া যাবে না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জাতীয় রাজনীতিতে জোট-মহাজোট গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হলেও আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না।
সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা মাশায়েখ ইমাম পরিষদের ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘খুনি ও অর্থ পাচারকারীদের রাজনীতির সুযোগ দেওয়া যাবে না কোনো ইনক্লুসিভনেসের নামে। তাদের বিচারের আওতায় আনতে হবে, বিচারের আগেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।’
“ধর্মপ্রাণ জনগণ নির্যাতনের শিকার হয়েছে”
তিনি অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে দেশটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছে। এ সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধে আঘাত হানা হয়েছে। শিক্ষাব্যবস্থাতেও ধর্মবিদ্বেষী ধারণা ঢোকানোর চেষ্টা হয়েছে।’
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘আল্লাহর রহমতে’ দেশে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। এই কাজে উলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।
উলামাদের প্রতি আহ্বান
চরমোনাই পীর বলেন, ‘জাতির এই সংকটকালে উলামা-মাশায়েখদের দায়িত্ব হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মানুষকে বিভ্রান্তি নয়, সঠিক পথ দেখাতে হবে।’
শোক ও সংবর্ধনা
সভার শুরুতে জাতীয় ওলামা মাশায়েখ ইমাম পরিষদের নবনিযুক্ত সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পরিষদের সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উপস্থিত নেতারা
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদি, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ জাতীয় ওলামা মাশায়েখ ইমাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে