ব্যক্তিগত আক্রমণ নয়, ভদ্র বিতর্কই সুস্থ গণতন্ত্রের ভিত্তি: শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভদ্র ও গঠনমূলক বিতর্কই একটি সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি। ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর ভাষা কেবল অসহিষ্ণুতার পরিচয় দেয়।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে শফিকুল আলম জানান, ফুলবাড়ীর হত্যাকাণ্ডের খবর তিনিই প্রথম বিদেশি সংবাদদাতা হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তুলে ধরেন। তখন তিনি এএফপির ঢাকা সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন। তিনি লেখেন, আন্দোলনকারীদের মৃত্যু স্বীকার করাতে প্রশাসনকে চাপের মুখে পড়তে হয়েছিল এবং তাঁর প্রতিবেদনের ফলে যুক্তরাজ্যে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তিনি বলেন, বহু বছর ধরে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে, যা সহিংসতার এক নেতিবাচক সংস্কৃতি তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার সেই সংস্কৃতি ভাঙতে কাজ করছে বলেও জানান তিনি।
প্রেসসচিব বলেন, ফুলবাড়ী উন্মুক্ত খনন প্রকল্প নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ছিল ব্যক্তিগত অভিমত, কোনো সরকারি অবস্থান নয়। তিনি উল্লেখ করেন, সরকারে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থেকে তাঁর দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা এসেছে।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত জরুরি। বৈশ্বিক সংঘাতের প্রভাবে এলএনজি ও তেলের দাম হঠাৎ বেড়ে গেলে দেশের অর্থনীতি বড় চাপে পড়ে। ইউক্রেন যুদ্ধের পর কয়েকগুণ দামে এলএনজি কিনতে বাধ্য হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশে নিজস্ব কয়লা উত্তোলন না করায় জ্বালানি খাতে বড় একটি সুযোগ হাতছাড়া হয়েছে। ফুলবাড়ী, দিঘীপাড়া ও জামালগঞ্জের মতো এলাকায় কয়লা উত্তোলন না হওয়াকে তিনি দীর্ঘমেয়াদি ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তবে স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে ফুলবাড়ী প্রকল্প পুনরায় চালুর কোনো সিদ্ধান্ত নেই।
সমালোচনা প্রসঙ্গে শফিকুল আলম জানান, তাঁর লেখার বিষয়ে পাওয়া গঠনমূলক মতামতকে তিনি স্বাগত জানিয়েছেন এবং যাঁরা তথ্যভিত্তিক বিশ্লেষণ করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বামপন্থী রাজনীতি বিষয়ে তিনি বলেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নে বামপন্থীদের অবস্থান প্রশংসনীয়। তবে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে তাদের অনেক আন্দোলন বাস্তবসম্মত ফল বয়ে আনতে পারেনি বলেও মত দেন তিনি।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে