সংসদ সদস্যদের নম্বর হ্যাক করে প্রতারণা, ‘জরুরি ভিত্তিতে টাকা পাঠান’ বার্তা
মুঠোফোনের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় জাতীয় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে কয়েকজন সংসদ সদস্য এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেন।
এমপিদের নম্বর থেকে টাকা চাওয়া হচ্ছে
চিফ হুইপ বলেন, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের মুঠোফোন নম্বর ব্যবহার করে অন্য সদস্যদের কাছে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। তাঁর কাছে এমন তিনটি বার্তা এসেছে, যেখানে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়।
বার্তাগুলো যাঁদের নম্বর থেকে পাঠানো হয়েছিল, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট মুঠোফোন নম্বরগুলো হ্যাক হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
ভয়েস ক্লোন ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
চিফ হুইপ আরও বলেন, শুধু মুঠোফোন নম্বর হ্যাক করেই নয়, কৃত্রিমভাবে কণ্ঠস্বর তৈরি বা ‘ভয়েস ক্লোন’ করেও প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কাগজপত্র ব্যবহার করে স্বাক্ষর জাল করার ঘটনাও ঘটছে।
এ ধরনের ঘটনায় বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সংসদ সদস্যরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি। তাই বিষয়টি নিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান চিফ হুইপ।
প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি
সংসদে বিষয়টি উত্থাপনের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রশ্ন তোলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার। তাঁর মতে, প্রতারণার শিকার ব্যক্তিকে দায়ী না করে রাষ্ট্রীয়ভাবে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে আগের দিনও আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শুরু করেছে।
সংসদে ফেস রিডিং ব্যবহারের আহ্বান
এদিন পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশের সময় ফেস রিডিং ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেন। তিনি জানান, সংসদের বিভিন্ন লবিতে ফেস রিডিং ডিভাইস থাকলেও অনেক সদস্য নিয়মিত এতে ফেস রিডিং করেন না।
তিনি সংসদ সদস্যদের সংসদ কক্ষে প্রবেশের সময় নিয়মিত ফেস রিডিং করার আহ্বান জানান।