হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।”
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনের সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিভিন্ন সেবা ও অনিয়মের অভিযোগ সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী।
সরকারি সুবিধা থাকার পরও বাইরে পরীক্ষা
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনার অভিযোগ পেয়েছেন তিনি। পরিদর্শনের সময় অভিযোগটির সত্যতাও পেয়েছেন বলে দাবি করেন মন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু শনাক্তের জন্য সরকারি হাসপাতালে পরীক্ষার সুবিধা রয়েছে। এরপরও বাইরের ডায়াগনস্টিক সেন্টারের লোকজন হাসপাতালে এসে রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে করার সুযোগ রয়েছে। এরপরও যদি বাইরের লোকজন হাসপাতালে এসে নমুনা সংগ্রহ করে, তাহলে এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।
হাসপাতালে এ ধরনের অনিয়ম বন্ধে তাঁর সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রোগীদের নানা অভিযোগ
পরিদর্শনের সময় রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালের বিভিন্ন ভোগান্তির কথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। এর মধ্যে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের হাসপাতালের একাধিক তলায় যাতায়াত করতে হওয়ার অভিযোগও ছিল।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা
এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।
অনুরূপ সংবাদ
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১০ ঘন্টা আগে
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১০ ঘন্টা আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১৯ ঘন্টা আগে
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১০ ঘন্টা আগে