সুন্দরবনে বন বিভাগের গুলিতে পাসধারী জেলে নিহত: সাতক্ষীরা রেঞ্জে চরম উত্তেজনা
সুন্দরবন খুলনা রেঞ্জের পাটকোষ্টা অফিস সংলগ্ন হেলাতলী খালে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক নিরীহ জেলে নিহত হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন উপকূলীয় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
নিহত জেলে আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মাত্র চারদিন আগে বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে তিনি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।
ডাকা মাত্র কাছে না আসায় সরাসরি গুলি!
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের সঙ্গে থাকা অন্য জেলেরা জানান, সোমবার সকালে দুই নৌকায় চারজন জেলে হেলাতলী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খুলনা বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা দূর থেকে তাদের ডাক দেন। জেলেরা বনের গহীন খালের ভেতর আকস্মিক ডাক শুনে ভয়ে কিংবা নৌকা ঘুরাতে সামান্য দেরি করায় বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারেক হোসেন সরাসরি জেলেদের লক্ষ্য করে গুলি চালান।
এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে নৌকার ওপরেই ঘটনাস্থলে মারা যান। পরে দুপুরের দিকে অন্য জেলেরা কোস্টগার্ড ও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে আমিনুরের মরদেহ নিয়ে সাতক্ষীরা উপকূলে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তদন্তের আশ্বাস বন বিভাগের
এই বর্বরোচিত ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “সুন্দরবনে বনদস্যু ও অবৈধ অনুপ্রবেশকারীদের তৎপরতা ঠেকাতে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ চিরুনি অভিযান চলছে। খালের ভেতর একজন জেলের মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি। তিনি আসলে কীভাবে, কার গুলিতে এবং কোন পরিস্থিতিতে মারা গেলেন, সে বিষয়ে আমরা বিভাগীয়ভাবে বিস্তারিত খোঁজখবর ও তদন্ত নিচ্ছি।”
উত্তাল গাবুরা উপকূল, বন অফিস ঘেরাওয়ের প্রস্তুতি
এদিকে বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও জেলেকে গুলি করে হত্যার খবর ছড়িয়ে পড়লে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়ন এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয় শত শত মৎস্যজীবী ও সাধারণ মানুষ এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ফরেস্ট কর্মকর্তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ জেলেরা স্থানীয় বন বিভাগ কার্যালয় ঘেরাও করতে রওনা দিয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোস্টগার্ড ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অনুরূপ সংবাদ
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে