সাতক্ষীরার শ্যামনগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন খোলপেটুয়া, মালঞ্চ ও কালিন্দী নদীর তীররক্ষা এবং বাঁধ সুরক্ষা প্রকল্পে বারবার বাধা, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
অভিযুক্ত হাজী মো. নজরুল ইসলাম শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই সঙ্গে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য। তাঁর বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অযাচিত হস্তক্ষেপ, কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি ও বড় অঙ্কের চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগ এনে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রকল্প পরিচালক।
হুমকির মুখে গুরুত্বপূর্ণ বাঁধের ৬০% কাজ
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের নদীভাঙন ঠেকাতে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্প (কম্পোনেন্ট-১)’-এর আওতায় পোল্ডার-৫ এলাকায় প্রায় ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পটির পূর্ব দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি, দাতিনাখালী ও ঝাপালি এলাকায় সিসি ব্লক স্থাপন ও জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ করছে আর-রাদ করপোরেশন।
গত ১৩ মে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে পাঠানো পত্রে বাপাউবোর প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া দাবি করেন, চেয়ারম্যান নজরুলের ক্রমাগত হুমকির মুখে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি এখন থমকে গেছে।
অফিস ভাঙচুরের হুমকি ও ১২ লাখ টাকা কমিশন দাবি
অভিযোগপত্রে বলা হয়, শুরু থেকেই চেয়ারম্যান নজরুল ইসলাম কাজটি বন্ধ করতে নানা চাপ সৃষ্টি করে আসছিলেন। গত বছরের ২ সেপ্টেম্বর তিনি সরাসরি প্রকল্প কার্যালয়ে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যন্ত্রপাতি নষ্ট করার হুমকি দেওয়া হয়।
পরবর্তী সময়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকল্পের পরিদর্শনে গেলে আর-রাদ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ আলী খানের কাছে চেয়ারম্যানের পক্ষ থেকে সরাসরি ১২ লাখ টাকা ‘কমিশন’ দাবি করা হয়। টাকা না দেওয়ায় শ্রমিক ও সাব-ঠিকাদারদের কাজ করতে নিষেধ করা হয় এবং কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
চালককে আটকে রেখে স্কেভেটরে আগুন দেওয়ার চেষ্টা
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল পূর্ব দুর্গাবাটি এলাকায় চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় কয়েকজন জামায়াত নেতাকর্মী এবং বহিরাগত লোকজন নিয়ে মানববন্ধনের নামে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিক ও কর্মকর্তাদের মারধরের পাশাপাশি স্কেভেটরের (মাটি কাটার যন্ত্র) চালক ও সহকারীকে ভেতরের আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে গত ১৫ এপ্রিল আর-রাদের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিনের দায়ের করা অপর এক অভিযোগে বলা হয়, চেয়ারম্যানের নেতৃত্বে ৩০-৪০ জন লোক গিয়ে নির্মাণাধীন বাঁধ ভেঙে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণের শঙ্কা
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমের আগে বাঁধের কাজ শেষ করা না গেলে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনবসতি ও কৃষিজমি ধসে পড়বে। তাছাড়া প্রকল্পটি জাইকার অর্থায়নে বাস্তবায়িত হওয়ায় সময়মতো কাজ শেষ না হলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সরকারের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের
সব অভিযোগ অস্বীকার করে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম বলেন, “সরকারি সামাজিক বনায়নের জায়গায় অবৈধভাবে ব্লক নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। পরিবেশ রক্ষার স্বার্থেই আমি স্থানীয়দের নিয়ে বাধা দিয়েছি। আমার বিরুদ্ধে আনা চাঁদা বা কমিশনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি সংক্রান্ত পূর্বের বিরোধের জেরে আমাকে হয়রানি করা হচ্ছে।”
প্রশাসনের বক্তব্য
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. রাজু আহমেদ বলেন, “নতুন পুলিশ সুপার যোগদান করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সরকারি কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।”
অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বিষয়টি তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। তবে দাপ্তরিকভাবে লিখিত অভিযোগপত্রটি হাতে পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুরূপ সংবাদ
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, পুলিশের বিশেষ অভিযানে আটক ১০
সুন্দরবনে বন বিভাগের গুলিতে পাসধারী জেলে নিহত: সাতক্ষীরা রেঞ্জে চরম উত্তেজনা
বগুড়ায় নির্মাণাধীন ভবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ যুবক গ্রেপ্তার
হুইলচেয়ারে বসেই বড় স্বপ্ন দেখেন ঢাবিতে সুযোগ পাওয়া জাহিদ
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে