Wednesday, 29 April 2026

ব্রেকিং নিউজ:

ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক

ক্যাম্পাস April 29, 2026 07:11 AM ৩৯ দর্শক
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক অভিযুক্ত কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা মোহাম্মদ সাকিব নামে ওই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।

আটক সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন আটককারী শিক্ষার্থীরা। তাদের ভাষ্যমতে, ওই ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এছাড়া ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল বলেও জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বিষয়টি যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা থাকলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে, না থাকলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে এবং সেই প্রেক্ষিতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ ও নথি যাচাই শেষে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুরূপ সংবাদ