Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা

ক্যাম্পাস December 5, 2025 09:49 AM ৬২ দর্শক
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা

অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশের কয়েকজন তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের অক্সফোর্ডে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত পৃথক চিঠিতে আমন্ত্রিতদের কাছে এ আমন্ত্রণ পাঠানো হয়।

আমন্ত্রণ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, “আলাদাভাবে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। আপাতত কয়েকজনের নাম আমরা জেনেছি। যারা আমন্ত্রণ পেয়েছি আমাদের একসঙ্গে বসে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে হবে। এরপর আমন্ত্রিতদের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।”

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র-জনতার আন্দোলনে এসব তরুণ নেতার নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ আন্তর্জাতিক পরিসরে মূল্যবান হিসেবে বিবেচিত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, সেমিনারের প্যানেল আলোচনার পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করবেন আমন্ত্রিত প্রতিনিধিরা। অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ পুরো সফরের সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে বলেও আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

অনুরূপ সংবাদ