Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

হাজারো মানুষের কণ্ঠে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর গাজীপুর

সারাদেশ December 3, 2025 08:28 PM ১১০ দর্শক
হাজারো মানুষের কণ্ঠে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর গাজীপুর

গাজীপুরে বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ভাওয়াল রাজবাড়ি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মাঠে। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং একপর্যায়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

হাজারো মানুষের কণ্ঠে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। আবেগঘন পরিবেশে অনেককে চোখ মুছতে দেখা যায়।

গণদোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্রগঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে বেগম জিয়া সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন।

তারা আরও জানান, দেশ-বিদেশে নানা শ্রেণি-পেশার মানুষ বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন। মানবাধিকারকর্মী, প্রবাসী বাংলাদেশি এমনকি বিদেশের বিভিন্ন ব্যক্তিত্বও তার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। বক্তাদের ভাষায়, বেগম জিয়ার সুস্থতার জন্য মানুষ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা করছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম মনজুরুল করিম রনি বলেন, ‘স্বৈরশাসনের সময় বেগম জিয়ার ওপর নানাভাবে নির্যাতন চালানো হয়েছে। বাসা থেকে উচ্ছেদ, গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, মিথ্যা মামলায় কারাবন্দী করার মতো ঘটনাও ঘটেছে। তবুও তিনি দেশ ছাড়েননি।’

গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুজ্জামান নোমানী। তার পরিচালনায় দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দীর্ঘ দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।

মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী, শিক্ষার্থী, যুবক ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। দোয়া শেষে নেতাকর্মীরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও জনগণের কল্যাণ কামনা করেন।

অনুরূপ সংবাদ